সিমেন্টের কাঁচামাল ফ্রাই অ্যাশ বোঝাই এমভি ইজ্জাহ-৩ নামে একটি ভারতীয় জাহাজ চাঁদপুরের মেঘনায় ডুবে গেছে। নদীতে প্রবল স্রোত থাকায় জাহাজটি ডুবে যায়। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যার আগে চাঁদপুর সদরের হরিণা এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ড ও চাঁদপুর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে যায়। জাহাজটিতে থাকা ১৪ নাবিককে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নাবিকরা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে কোস্টগার্ড।
চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. এএসএম লুৎফর রহমান বলেন, ‘ভারতের কলকাতা থেকে ৫দিন আগে এমভি ইজ্জাহ-৩ নামের জাহাজটি ৮৬০ মেট্রিক টন ফ্রাই এ্যাশ নিয়ে বাংলাদেশের মেঘনা ঘাটের উদ্দেশে রওনা করে। জাহাজটি মঙ্গলবার চাঁদপুরের মেঘনা নদীর হরিণা এলাকায় পৌঁছালে তীব্র স্রোতের মুখে পড়ে নদীতে নোঙর করে। পরে স্রোতের চাপ বেড়ে গেলে এটির নোঙর ছিঁড়ে পাশের অন্য দুটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।’
বার্তা বাজার / ডি.এস