জাপান ভ্রমণে বাংলাদেশসহ ১২৬ দেশের ওপর নিষেধাজ্ঞা বাড়ল

প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশসহ ১২৬টি দেশের জাপান প্রবেশের ওপর দেওয়া নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দেশটির সরকার এমন ঘোষণা দিয়েছে বলে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে।

এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম মঙ্গলবার এক ফেসবুক পোস্টেও বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি ওই পোস্টে লিখেছেন, জাপান তাদের দেশে ভ্রমণে কড়াকড়ি ৩১ শে আগস্ট পর্যন্ত বর্ধিত করেছে। এটা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ১২৬ টি দেশের জন্য প্রযোজ্য।

মোহাম্মদ শাহরিয়ার আলম আরও লিখেছেন, ‘আন্তর্জাতিক যাতায়াতের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা দেশগুলোর আস্থা ফিরিয়ে আনার অন্যতম পদক্ষেপ হিসেবে আমরা বহির্গমণ ইচ্ছুক যাত্রীদের জন্য কোভিড পরিক্ষা বাধ্যতামূলক করেছি।’

করোনায় আক্রান্ত হয়ে ভুয়া করোনা নেগেটিভ সনদপত্র নিয়ে অনেক বাংলাদেশি জাপান প্রবেশ করেছেন এমন প্রমাণ পাওয়ার পর এর আগে দেশটির সরকার বাংলাদেশ থেকে যাওয়া ফ্লাইটগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর