এবারের ঈদুল আজহায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ৬টি জামাতে নামাজ আদায় করা হবে। মঙ্গলবার (২১ জুলাই) ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে আগামী ১ আগস্ট সারাদেশে পবিত্র ঈডুল আজহা পালন করা হবে। প্রতিবছরের মত এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ৬টি জামাতে ঈদের নামাজ আদায় করা হবে।
সকাল ৭টায় অনুষ্ঠিত হবে প্রথম জামাত। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান।
সকাল ৭টা ৫০ মিনিটে হবে দ্বিতীয় জামাত। এতে ইমাম থাকবেন বায়তুল মোকারমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।
সকাল ৮টা ৪৫ মিনিটে হবে ঈদের তৃতীয় জামাত। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা এহসানুল হক।
মাওলানা মহিউদ্দিন কাসেমের ইমামতিতে চর্তুথ জামাতটি সকাল ৯টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
পঞ্চম জামাত হবে সকাল সাড়ে ১০টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান।
ষষ্ঠ ও সর্বশেষ জামাত হবে বেলা ১১টা ১০ মিনিটে। এর পেশ ইমাম ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুর রব মিয়া।
প্রসঙ্গত, মঙ্গলবার দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগমাী ১ আগস্ট (শনিবার) বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ ঘোষণা দেয়া হয়।
বার্তাবাজার/এসজে