পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, বর্তমান সরকারের আমলে কেউ পিছনে পড়ে থাকবে না। সবাই যাতে সামনে এগিয়ে আসতে পারে তার জন্য নিরন্তর চেষ্টা করে চলেছে সরকার। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সবাইকে সাথে নিয়েই ২০২১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করা হবে।
মঙ্গলবার (২১ জুলাই) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকী চা বাগান ও ডাকটিলা বিজিবি ক্যাম্প এলাকায় ২৬ কিলোমিটার ৩১৫ কেভিএ বিদ্যুৎ সঞ্চালন লাইন ঢাকাস্থ সরকারি বাসভবন হতে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশ মন্ত্রী বলেন, এ এলাকার মানুষ বিদ্যুৎবিহীন অন্ধকারে ছিলো। এখন বিদ্যুতের আলোয় নিজেরা আলোকিত হতে হবে এবং তাদের সন্তানদের শিক্ষাগ্রহণের সু্যােগ দিয়ে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে।
বিদ্যুতের অপচয় রোধ করার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, বিদ্যুতের সঠিক ব্যবহার করলে আমরা সবাই উপকৃত হবো। তিনি বলেন, এলাকার অসমাপ্ত রাস্তা দ্রুত পাকা করার ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রী এসময় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাইকে হাত ধোয়া, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
বিদ্যুৎ সঞ্চালন লাইন উদ্বোধন অনুষ্ঠানে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি রঞ্জিত কুমার পাল, ডিজিএম (টেকনিক্যাল) মোঃ খালেদুল ইসলাম, বড়লেখা পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মো. এমাজউদ্দীন সরদার, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুক আহমদসহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডি.এস