ঈশ্বরগঞ্জে ৭৩ হাজার পরিবার পাচ্ছে ‘ঈদ উপহার’

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৭৩ হাজার ৫৮৮ পরিবারকে ‘ঈদ উপহার’ হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।

উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭৩ হাজার ৫৮৮ জন বন্যক্রান্ত, অন্যান্য দুর্যোগে আক্রান্ত, দু:স্থ, অতিদরিদ্র ব্যক্তি ও পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে পৌরসভায় ৪ হাজার ৬২১, সদর ইউনিয়নে ৪ হাজার ২২০, সোহাগী ইউনিয়নে ৫ হাজার ৫২৩, সরিষা ইউনিয়নে ৫ হাজার ৬১৭, আঠারবাড়ি ইউনিয়নে ৭ হাজার ২৮৪, জাটিয়া ইউনিয়নে ৬ হাজার ২৫০, মাইজবাগ ইউনিয়নে ৭ হাজার ৭১৬, মগটুলা ইউনিয়নে ৭ হাজার ৮৬, রাজিবপুর ইউনিয়নে ৭ হাজার ২৯০, উচাখিলয়া ইউনিয়নে ৬ হাজার ৯০, তারুন্দিয়া ইউনিয়নে ৬ হাজার ৭২, বড়হিত ইউনিয়নে ৫ হাজার ৮১৮ জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।

মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন ঈশ্বরগঞ্জ সদর, সোহাগী, সরিষা ও বড়হিত ইউনিয়নে চাল বিতরণ কাজের উদ্বোধন করেন। এসময় সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়না কর্মকর্তা। প্রতিবছর ঈদ বিশেষ ভিজিএফ বিতরণে অনিয়মের অভিযোগ উঠে চেয়ারম্যানদের বিরুদ্ধে। মোট বরাদ্দ গুদাম থেকে উত্তোলন না করে গুদামেই কিছু পরিমান চাল রেখে দেওয়া হয়। এমন নানা অভিযোগের প্রেক্ষিতে এ বছর মোট বরাদ্দ গুদাম থেকে উত্তোলনের পর তা ট্যাগ অফিসার দিয়ে নিরীক্ষার পর বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, গুদামে চাল না রাখতে কঠোর ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। মোট বরাদ্দ উত্তোলনের পর ট্যাগ অফিসার প্রত্যয়ন জমা দিলেই বিতরণ কাজ শুরু হচ্ছে। ভিজিএফ বিতরণে কোনো ধরণের অনিয়ম করার সুযোগ নেই। প্রান্তিক অসহায় মানুষ যেনো ভালো ভাবে ঈদ করতে পারে সে জন্য কঠোর তদারকির মাধ্যমে ভিজিএফ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর