ভোলার চরফ্যাশনে সপ্তম শ্রেণির ছাত্রী তানজিলাকে অপহরণের সময় মোটরসাইকেল থেকে পড়ে মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত রাকিবকে (১৯) আটক করেছে পুলিশ। আজ (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে উপজেলার নতুন বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, গত ১২ জুলাই প্রাইভেট পড়তে যাওয়ার সময় উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তানজিলাকে অপহরন করে চরফ্যাশন সরকারি কলেজছাত্র রাকিব। বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে করে জোরপুর্বক মেয়েটিকে অপহরণ করার সময় পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহির রায়হানের বাসার সামনে পড়ে যায়।
স্থানীয়রা ওই ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে চরফ্যাশন থানায় অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন।দুর্ঘটনার পর বখাটে রাকিব পালিয়ে যায়।
চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফীন বলেন, মামলার মূল আসামি রাকিবকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বার্তাবাজার/এসজে