নানা অনিয়মের অভিযোগ এনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এর অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগ। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মুখে প্রধান সড়কে উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্নার সভাপতিত্বে উক্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
উপজেলা ছাত্রলীগ, বসুরহাট পৌরসভা ছাত্রলীগ ও সরকারী মুজিব কলেজ ছাত্রলীগের যৌথ আয়োজনে মানববন্ধন কর্মসূচীতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এর বিরুদ্ধে জাতীয় দিবসসমূহ উদযাপনের নামে চাঁদাবাজি, স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতার অপব্যবহার করে ছাত্রলীগ নেতাকর্মীদের নাজেহাল করার অভিযোগ এনে এর প্রতিবাদে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুর নবী চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল খায়ের, সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার, চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ্ ফরহাদ লিংকন, বসুরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি আবদুল আউয়াল মানিক, সাধারণ সম্পাদক জাকির হোসেন হৃদয়, সরকারী মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হেসেন রিয়াদ প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কাছে বিভিন্ন ধরনের অনৈতিক তদবির করে সাড়া না পাওয়ায় এসব অভিযোগ আনয়ন করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস