গাছের সঙ্গে ধাক্কা লেগে উড়ে গেল বাসের ছাদ, আহত ৫!

বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে ঝুঁকেপড়া একটি গাছের সাথে দ্রুতগামী যাত্রীবাহি বাসের ধাক্কা লেগে গাড়ির ছাদ উড়ে গেছে।

গতকাল সোমবার রাত ২টার দিকে রাজাপুর উপজেলার বলাইবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের পাঁচ যাত্রী গুরুত্বর আহত হন।

আহতরা হলেন- বরগুনার পাথরঘাটার মুহিবুল্লাহ (২৮), পিরোজপুরের মঠবাড়িয়ার শাহ্ আলম (৬৫), ওয়ালিউল্লাহ্ (৫০) ও মো. মামুন (৩০) এবং ভান্ডারিয়ার আবুল হোসেন (৩২)।

স্থানীয়রা জানায়, সোমবার গভীর রাতে বিকট শব্দে ঘুম ভাঙে স্থানীয়দের। এ সময় ঘর থেকে বেরিয়ে মহাসড়কে দুর্ঘটনাকবলিত বাসটি দেখে আহতদের উদ্ধার করে স্থানীয়রা। মহাসড়কের পাশেই দীর্ঘদিন ধরে বিপজ্জনকভাবে ঝুঁকে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের ওপরের অংশ সম্পূর্ণ বিদ্ধস্থ হয়। পরে থানায় খবর দিলে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। বাসটি পাথরঘাটা থেকে ঢাকায় যাচ্ছিল।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, ‘রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর