বৃষ্টির পানিতে খেলতে গিয়ে ভাইবোনসহ ৪ শিশুর মৃত্যু

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় জমিতে আটকে থাকা বৃষ্টির পানিতে খেলতে গিয়ে গর্তে পড়ে ভাইবোনসহ ৪ শিশু নিহত হয়েছে।

গতকাল সোমবার(২০ জুলাই) সন্ধ্যার পর তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশুরা হলো নেত্রকোনার বারহাট্টা উপজেলার জাউয়াইল এলাকার তৌহিদ মিয়ার মেয়ে তানিয়া (৯) ও ছেলে ইব্রাহিম (৬), বগুড়ার সোনাতলা উপজেলার চামুরপাড়া এলাকার জিয়াউল ইসলামের মেয়ে মিষ্টি (১০) ও একই উপজেলার সুজায়েতপুর এলাকার শামীমের ছেলে ফরহাদ (৬)।

স্থানীয়রা জানান, গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর উত্তরপাড়া এলাকায় পৃথক ভাড়া বাসায় থাকে নিহতদের পরিবার। সোমবার দুপুর আড়াইটার দিকে বৃষ্টি হচ্ছিল। এ সময় ওই চার শিশু বাড়ির লোকজনের অগোচরে পাশের জমিতে আটকে থাকা বৃষ্টির পানিতে খেলতে যায়। জমিতে একটি গভীর ডোবা রয়েছে। জমিতে জলাবদ্ধতার কারণে গর্তটি দেখা যায় না।

শিশুরা খেলা করার একপর্যায়ে ওই গর্তে পড়ে পানিতে ডুবে যায়। বিকেল পর্যন্ত দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় স্বজনরা নিখোঁজ শিশুদের সন্ধান করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকাবাসী ওই জমির এক পাশে শিশুদের স্যান্ডেল দেখতে পায়। পরে তারা ওই গর্তে তল্লাশি চালিয়ে নিখোঁজ চার শিশুর লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে শিশুদের লাশ বিনা ময়নাতদন্তেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর