অনুমোদন নেই, ৪ বছর ধরে চলছে আল আশরাফ জেনারেল হাসপাতাল

অনুমোদন ছাড়াই ২০১৬ সাল থেকে চলছে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের আল আশরাফ জেনারেল হাসপাতাল। এখন পর্যন্ত অনুমোদনের জন্য আবেদন করেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (২০ জুলাই) হাসপাতালটি পরিদর্শন করে স্বাস্থ্য অধিদফতর। পরিদর্শনের পরই ওই হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। মালিক ও ম্যানেজারসহ সবাই পলাতক। হাসপাতালটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার জন্য লিখিত চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল বিভাগের সহকারি পরিচালক মোজাফফর হোসেন জানান, হাসপাতালটি কখনওই অনুমোদন নেওয়ার জন্য আবেদন করেনি। তারা অনুমোদন না নিয়েই কার্যক্রম পরিচালনা করছিল।

সরজমিনে দেখা গেছে, হাসপাতালটিতে কেবিন আর সাধারণ শয্যার পাশাপাশি আছে তথাকথিত আইসিইউ। তবে তা পরিচালনা করছেন ওয়ার্ডবয় ও নার্সরা।

হাসপাতালটির অংশীদারিত্ব দেওয়ার কথা বলে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছেন উসামা আমিন। পটুয়াখালী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মাহাবুবুর রহমান সিকদার জানান, ২০১৬ সালে তার থেকে অংশিদারিত্বের নামে ২৭ লাখ টাকা নিয়েছেন। এরপর আর হাসপাতালের মালিকের খোঁজ তিনি পাননি। পরে ডা. মাহবুব জানতে পারেন এই হাসপাতলের কোনও রেজিষ্ট্রেশন নাই। হাসপাতালের মালিক উসামা আমিনের বিরুদ্ধে থানায় মামালাও করেছেন তিনি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর