সাহাবউদ্দিন হাসপাতালের এমডি গ্রেফতার

রাজধানীর গুলশানের সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের এমডি ফয়সাল আল ইসলামকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাব। সরকারের অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা এবং ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যার পর রাজধানীর একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, সাহাবউদ্দিন হাসপাতালের বিরুদ্ধে অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা এবং ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ফয়সাল আল ইসলাম এজহারভুক্ত পলাতক আসামি ছিলেন। মঙ্গলবার (২১ জুলাই) সকালে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এর আগে, সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ তিন জনের বিরুদ্ধে মামলা করে র‌্যাব। ওই মামলায় এজহারভুক্ত দুই আসামি হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত (৫২) এবং ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদিরকে (৩৩) আগেই গ্রেফতার করা হয়। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর