রঙ মিশিয়ে তৈরী হচ্ছে সেমাই ও শিশু খাদ্য, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকার সাভারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কাপড়ের রঙ মিশিয়ে তৈরী সেমাই ও শিশু খাদ্য বাজারজাত করার অভিযোগে দুটি কারখানায় অভিযান পরিচালনা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সাভারের গেন্ডা এলাকার অনিক ফুড সেমাই কারখানা ও কাজী মোকমাপাড়া এলাকার রেবা রানী কারখানায় অভিযান পরিচালনা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান।

এসময় দুই কারখানা মালিককে চার লাখ টাকা জরিমানা করে সর্তক করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

র‍্যাব-৪ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে সাভারের গেন্ডা এলাকার অনিক ফুড সেমাই কারখানার মালিক ইমরান হোসেন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি করে বাজারে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই সেমাই কারখানায় অভিযান পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান। এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কাপড়ের রঙ মিশিয়ে সেমাই তৈরির অভিযোগে কারখানাটির মালিক ইমরান হোসেনকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে কারখানাটি থেকে চার’শ লিটার পোড়া তেল, বেশ কয়েক কেজি সেমাই, ডালডাসহ নানা উপকরণ জব্দ করে মালিককে সর্তক করে দেয়া হয়।

অপরদিকে, কাজী মোকমাপাড়া এলাকায় দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নিমকি, চানাচুর, ডাল ভাজাসহ বিভিন্ন শিশু খাদ্য তৈরি করে বাজারজাত করে আসছিলেন রেবা রানী কারখানার মালিক দুলাল সাহা। পরে ওই কারখানায়ও অভিযান পরিচালনা করে কারখানা মালিককে এক লক্ষ টাকা জরিমানা করে সর্তক করে দেয়া হয়েছে।

এসময় র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান বলেন, অসাধু ব্যক্তিরা নোংরা পরিবেশে খাবার তৈরি করলে কাউকে ছাড় দেওয়া হবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে।

অভিযান চলাকালে অন্যান্যের মধ্যে র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি উনু মংসহ র‌্যাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর