ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি হবে না

করোনা পরিস্থিতির কারণে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সমিতির সভাপতি ও শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ সোমবার (২০ জুলাই)।

রমেশ চন্দ্র ঘোষ জানান, ১ জুনের পর থেকে যেভাবে সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে বাস চালানো হচ্ছে, ঈদের সময়ও সেভাবেই চলবে। টিকিট বিক্রি করা হবে যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে। সে অনুযায়ী বাসের সংখ্যা ও রুটও নির্ধারণ করবে সংশ্লিষ্ট পরিবহন কোম্পানিগুলো। ঈদ উপলক্ষে কোনো অগ্রিম টিকিট এবার বিক্রি হবে না।

তিনি আরো জানান, বর্তমান সময়ের মতো ঈদেও বাসের অর্ধেক আসন ফাঁকা রাখা হবে। যাত্রী ও চালকদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।

এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে এ সম্পর্কিত একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বাস মালিকদের আসন্ন ঈদের সময় স্বাস্থ্যবিধি মেনে সেবা পরিচালনার অনুরোধ জানান।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর