মসজিদের ভেতর মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৩

ঢাকার ধামরাইয়ে মসজিদের উন্নয়নের হিসেব চাওয়ায় এক মুক্তিযোদ্ধা ও তাঁর ছেলেকে মারধরের ঘটনায় অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) ধামরাই থানায় ভুক্তভোগী চৌহাট ইউনিয়নের সুন্ধিতারা গ্রামের মুক্তিযোদ্ধা আবুল হোসেন বাদী হয়ে ধামরাই থানায় দশ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন।

এর আগে, গত রাতে চৌহাট ইউনিয়নের সুন্ধিতারা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- উপজেলার চৌহাট ইউনিয়নের ইউনুছ আলী ছেলে রাজিব (২৬), একই এলাকার সোনা মিয়ার ছেলে আনোয়ার (২৩) ও দুলু মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন আলী (২৫)।

এব্যাপারে মুক্তিযোদ্ধা আবুল হোসেন জানান, গত শুক্রবার (১৭ জুলাই) বিকেলে সুন্ধিতারা জামে মসজিদের ভিতরে জুমার নামাজ শেষে আলোচনায় বসেন তাঁরা। এসময় মসজিদের উন্নয়নের হিসাব চাইলে তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন মসজিদ কমিটির সেক্রেটারির ভাই হাসান ও তার স্বজনরা। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে তাকে হঠাৎ লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন হাসান, কালা, সোনা মিয়া, আনোয়ার, হোসেন ও রুবেলসহ ৯-১০জন। এতে বাঁধা দিলে তাঁর স্কুল শিক্ষক ছেলে লিটন ও রাশেদুলকে মারধর করা হয়। পরে তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) পান্নু মিয়া জানান, এ ঘটনায় ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আবুল হোসেন বাদী হয়ে অভিযুক্ত দশজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। অভিযোগ পেয়ে মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনায় রবিবার রাতে অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর