শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার, বিভ্রান্তিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর অভিযোগে ৩ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার(১৯ জুলাই) রাতে চাঁদপুরে সদর উপজেলার ফরক্কাবাদ এলাকা থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: ফরক্কাবাদ কলেজের তথ্য-প্রযুক্তিবিষয়ক শিক্ষক নোমান সিদ্দিকী (৩৫), একই কলেজের ইসলামী ইতিহাসের শিক্ষক জাহাঙ্গীর আলম (৪০) এবং পাশের ফরক্কাবাদ মাদরাসার শিক্ষক আনিছুর রহমান শরীফ (৪০)।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন জানান, এলাকার আরেক শিক্ষক আব্দুল হান্নানের দায়ের করা মামলায় এই তিন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ল্যাপটপ ও মুঠোফোন জব্দ করা হয়। এসব দিয়ে তারা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করতেন।
বার্তাবাজার/কে.জে.পি