স্প্যানিশ লা লীগার এক আসরে সর্বোচ্চ এসিস্টের রেকর্ড গড়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল আন্দ্রেস মেসি। সর্বমোট ২১টি এসিস্ট নিয়ে নিজের ক্লাবের সাবেক কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজকে পেছনে ফেলেছেন এলএমটেন।
দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে আজ মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামে বার্সেলোনা। যে ম্যাচে লীগ হারানোর কষ্টের আগুনে প্রতিপক্ষকে একেবারে ছারখার করে দিয়েছে কাতালান জায়ান্টরা।
আনসু ফাতিকে দিয়ে গোলবন্যার সূচনা করেন মেসি। যে এসিস্টের সাহায্যে তিনি লা লিগার ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ এসিস্টকারী ফুটবলারে পরিণত হন। আজকের এই এসিস্টের সাহায্যে তিনি মোট ২১টি গোলে প্রত্যক্ষভাবে সহায়তা করলেন। এবং যার ফলে ইতিহাস নতুন করে লিখলেন এই ক্ষুদে জাদুকর।
এর আগে ২০০৮-২০০৯ মৌসুমে মেসিরই সতীর্থ জাভি করেছিলেন সর্বোচ্চ এসিস্ট করার রেকর্ড। যা প্রায় এক যুগ পার নিজের করে নিলেন মেসি। গত সপ্তাহে হওয়া রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচেই একটি এসিস্ট করে জাভির রেকর্ডে ভাগ বসিয়েছিলেন মেসি। আর আজ ১৭ বছর বয়সী আনসু ফাতিকে দিয়ে ম্যাচের প্রথম গোলটি করিয়ে সেই রেকর্ড একান্তই নিজের করে নিলেন বার্সা অধিনায়ক।
কেএস/বার্তাবাজার