পাওনাদারের চাপে আত্মহত্যা করলেন স্বাস্থ্যকর্মী

পাওনাদাররা টাকার চাপ দেয়ায় যশোরে এক স্বাস্থ্যকর্মী আত্মহত্যা করেছেন। রোববার সকালে তিনি নিজ বাড়িতে ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহত ওই স্বাস্থ্যকর্মীর নাম শাহানাজ বেগম (৪২)। তিনি বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ও শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহানাজ বেগম বিভিন্ন লোকজনের কাছ থেকে অনেক টাকা ধারদেনা করেছিলেন। পাওনাদাররা টাকার জন্য তাকে বার বার তাকে চাপ দিচ্ছিলেন। এতে মানসিকভাবে বিপর্যন্ত ছিলেন তিনি। এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

তবে নিহত ওই স্বাস্থ্যকর্মীর স্বামী নজরুল ইসলাম জানান, তার স্ত্রী বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক ইমিগ্রেশনে স্বাস্থ্যকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিছুদিন আগে সে করোনায় আক্রান্ত হয়। পরে সুস্থও হয়। সুস্থ হওয়ার পর তার মানসিক অবস্থা ভালো ছিল না। সকালে সবার অগোচরে ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর