প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নামে ফেসবুকে মিথ্যাচার করার অভিযোগে চট্টগ্রাম নগরীর একটি থানায় বিনয় বড়ুয়া ও প্রদীপ বড়ুয়া নামের দু’জনকে উল্লেখ্য করে একটি জিডী করা হয়েছে।
আজ (রোববার) বিপ্লব বড়ুয়া এন্ড অ্যাসোসিয়েটসে কর্মরত জিকো বড়ুয়া নামে এক আইনজীবী এই জিডি দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেন মহানগরীর খুলশী থানার ওসি প্রনব চৌধুরী।
জিডিতে বলা হয়, শনিবার দুপুর আড়াইটায় বিনয় বড়ুয়া নামে একজনের ফেসবুকের টাইমলাইনে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার ছবি দিয়ে ‘নিখোঁজ সংবাদ’ উল্লেখ করে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়া হয়। সেখানে প্রদীপ বড়ুয়া নামে একজন বিতর্কিত মন্তব্য করেন। প্রদীপের বাসা খুলশী এলাকায় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
জিডিতে আরও বলা হয়েছে, বিনয় এবং প্রদীপ দুজনই বিপ্লব বড়ুয়ার নাম উল্লেখ করে কুরুচিপূর্ণ ও বিদ্বেষমূলক বিভিন্ন কথাবার্তা লেখেন। বিপ্লব বড়ুয়ার ভাবমূর্তি রক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা উদঘাটনের অনুরোধ করা হয়েছে জিডিতে।
বার্তাবাজার/এসজে