ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানে কয়েকজন বাংলাদেশির হাতে আরেক বাংলাদেশি খুন হয়েছে। শনিবার রাতে মিলানের স্তাদেরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির নাম রশিদ হাওলাদার (৪৪)।
জানা গেছে, স্তাদেরা এলাকার মন্তেগানি রোডে পৌর বাজারের কাছে শনিবার রাতে কথা কাটাকাটির জেরে ৬ বাংলাদেশি মিলে রশিদকে মেরে আহত করে পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয় সান পাওলো হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে সে মারা যায়।
ইতালির পুলিশ ঘটনাস্থল থেকে হাতুড়ি ও চেইনসহ খুনিদের ফেলে যাওয়া বেশকিছু আলামত উদ্ধার করেছে। এ ঘটনায় ২ জনকে ইতোমধ্যে শনাক্ত করেছে পুলিশ।
সিসিটিভির ফুটেজ সংগ্রহ করার পর খুনিদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অন্য আরেকটি সূত্রে জানা গেছে, নিহত বাংলাদেশির ইতালিতে স্টে পারমিট (পেরমেসসো দ্য সোজ্জর্নো) ছিল। হত্যাকাণ্ডের আগে থেকে এলাকাটি পুলিশের নথিতে ‘ক্রাইম জোন’ হিসেবে চিহ্নিত ছিল। উত্তর আফ্রিকার অভিবাসীরা এলাকাটিতে ছোটখাট অপকর্ম করলেও খুনের মতো জঘন্য রেকর্ড করল বাংলাদেশিরা।
এ ব্যাপারে অভিবাসন পরামর্শক মাইনুল ইসলাম জানান, ইতোমধ্যে বাংলাদেশিদের সম্মান ইতালিতে দফায় দফায় ক্ষুণ্ন হয়েছে। নতুন মাত্রা যোগ হয়েছে খুনের মতো এ রকম জঘন্য একটি ঘটনা। যা আমাদের ভবিষ্যতের জন্য অশনিসংকেত। যখন বাংলাদেশ থেকে ইতালিতে করোনার জন্য ইতালিয়ানদের কাছে বাংলাদেশি মানেই এখন ‘ভাইরাসবোমা’।
বার্তা বাজার / ডি.এস