মাদক সম্রাট সিজুর জমজমাট মাদক ব্যবসা!

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের আমঝুপি গ্রামের মাদক সম্রাট খ্যাত সিজুর বিরুদ্ধে জমজমাট মাদক ব্যবসার অভিযোগ তুলেছে এলাকাবাসী।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, সিজুর বিরুদ্ধে অবাধে মাদক ব্যবসার অভিযোগ থাকলেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে সে।

এর আগে গাবতলী, সোনাতলা ও শিবগঞ্জ থানায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে বলেও পুলিশের রেকর্ড সুত্রে জানা যায়।

তার নামে গত ২৭ সেপ্টেম্বর ২০১৯ এ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এছাড়া ৯ মে ২০১৮ ও ১৭ ফেব্রুয়ারি ২০১৯ এ একই আইনে মামলা দায়ের হলেও অজানা কারনে প্রকাশ্যে মাদকের ব্যবসা চালিয়ে যাওয়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

নামপ্রকাশে অনিচ্ছুক এলাকার এক লোক জানান, সিজু ইয়াবা-ফেন্সিডিল এলাকায় সাপ্লাই করে। প্রতিনিয়ত বহিরাগত মানুষ সিজুর বাড়ি ও মুরগির ফার্মে এসে ইয়াবা ও ফেন্সিডিল ক্রয় করে নিয়ে যায়। এছাড়াও অনেকে তার বাড়ির একটি গোপন কক্ষে সেবন করে যায়।

অপর এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাকে কেউ মাদক ব্যবসা করার কথা নিষেধ করলে তাকে মারধর করে সিজু। বহিরাগত লোকদের নিয়ে গ্রামে এসে ভয়ভীতি দেখায়। এছাড়াও নানাভাবে হয়রানি করে। এলাকার চেয়ারম্যানসহ সবাই সিজুকে মাদক ব্যবসায়ী হিসাবে জানলেও ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখে খোলেনা।

এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, সুনির্দিষ্ট তথ্য পেলে আমরা তাকে অবশ্যই আইনের আওতায় আনবো। শুধু সিজু কেন শিবগঞ্জে কোন মাদক ব্যবসায়ীকেই ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর