শাহাবুদ্দিন মেডিক্যালের নামে যত অভিযোগ

রাজধানীর অভিজাত এলাকা গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাবের অভিযান চলেছে। আজ (রোববার) বিকালে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। ইতোমধ্যে গ্রেফতার হয়েছে হাসপাতালটির সহকারী পরিচালক ডা. আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদি।

অভিযানের সময় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, শাহাবুদ্দিন হাসপাতাল অনুমোদন ছাড়াই র‍্যাপিড কিট ব্যবহার করে আসছিল। যা দিয়ে অ্যান্টিবডি পরীক্ষা করা হচ্ছিল রোগীদের। এরজন্য প্রতি রোগীর কাছ থেকে তারা হাতিয়ে নিচ্ছিল ৩ থেকে ১০ হাজার টাকা।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে তারা করোনা পরীক্ষার অনুমোদন পেলেও স্বয়ংক্রিয় মেশিন না থাকায় অনুমোদন বাতিল হয়ে যায়। তারপরও তার পরীক্ষা কার্যক্রম চালিয়ে আসছিল। যে ডিভাইস দিয়ে তারা এই পরীক্ষাগুলো করেছে তার অনুমোদন বাংলাদেশে নেই। তাদের সব রিপোর্টও ভুয়া।

তারা অন্য হাসপাতাল থেকে কিছু পরীক্ষা করিয়ে এনে নিজেদের পরীক্ষা বলে নিজেদের হাসপাতালের প্যাডে সেই রিপোর্ট রোগীদের কাছে দিয়েছে। যা মারাত্মক অপরাধ।

এছাড়া তারা মাস্ক, গ্লাভসহ অনেক ইকুইপমেট একাধিকবার ব্যবহার করেছে। যা একবারের বেশি ব্যবহার করার নিয়ম নেই।

র‍্যাব ম্যাজিস্ট্রেট আরও জানান, পুরো হাসপাতালটি পরীক্ষা করা হচ্ছে। হাসপাতালের ওষূধাগার ও ফার্মেসীতেও অভিযান চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর