চট্টগ্রামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার পরিবারের বিরুদ্ধে। রোববার সকালে বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ননাইয়ার মার ঘাট এলাকার অছি মিয়া মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ দুপুরে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত যুবকের নাম মো. জয়নাব আলী সাকু (২৮)।তিনি ওই এলাকার মো. আবু সৈয়দের ছেলে। তিনি দিনমজুরি করে সংসার চালাতেন। তাঁর একটি কন্যাসন্তান রয়েছে।
পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। জানা যায়, দুদিন আগে সাকু তাঁর পিতাকে মারধর করে আহত করেছিলেন। এ নিয়ে পারিবারিকভাবে কলহের সৃষ্টি হয়। সাকু মানসিক ভারসাম্যহীন হওয়ায় দুই বছর আগে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে গেছে। পিতাকে মারধর ও উচ্ছৃঙ্খল আচরণ করায় পরিবারের সদস্যরা সাকুকে পিটিয়ে দড়ি দিয়ে ঘরে বেঁধে রেখেছিলেন। আজ রবিবার সকালে সাকুকে মৃত অবস্থায় দেখা যায়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার / ডি.এস