দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৪৫৯ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৫২৫ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৬১৮ জন।
রবিবার (১৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৩৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৬২৫টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৪৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ২ লাখ ৪ হাজার ৫২৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ১৪ শতাংশ।
ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় ৩৭ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২৯ জন ও নারী ৮ জন। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৬১৮ জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা ২ হাজার ৬৯ জন আর নারী ৫৪৯ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪৬ জন এ পর্যন্ত সুস্থ ১ লাখ ১১ হাজার ৬৪২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৫৯ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, বয়স বিভাজনে ২১-৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে একজন, ৪১-৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৬ জন, ৬১-৭০ বছরের মধ্যে ২০ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৪ জন, ৮১-৯০ বছরের একজন এবং ৯১-১০০ বছরের মধ্যে একজন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ৩২ জন এবং বাড়িতে ৫ জন মারা গেছেন।
ডা. নাসিমা আরও জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে ৮ জন, রাজশাহীতে ৩ জন, সিলেটে ২ জন, খুলনায় ৭ জন, রংপুর ও ময়মনসিংহে একজন করে জন মারা গেছেন।
বার্তাবাজার/কে.জে.পি