র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪ (র্যাব) এর অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সকালে ঢাকার সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকার একটি দোকানের সামনে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র্যাব ৪। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই লিফলেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে র্যাব।
গ্রেপ্তারকৃত জেএমবির সদস্যরা হলেন- রাজশাহী জেলার ওমর ফারুক (২৮), জামালপুর জেলার হাবিবুর রহমান (৪৮), একই জেলার সাইদুর রহমান (৫৫), মাহবুবুর রহমান (৫৫), শফিকুল ইসলাম (৩৭) ও গোলাম মোস্তফা।
এব্যাপারে র্যাব ৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম জানান, তারা এখানে নাশকতা করতে এসেছিলো কিনা সে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। গ্রেপ্তারকৃত ছয় জেএমবি সদস্যর বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
বার্তাবাজার/এমকে