কোরবানির ঈদে মানুষজনকে নিজ নিজ কর্মস্থল এলাকায় অবস্থান করে ঈদ উদযাপন করার আহ্বান জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এবার ঈদে মানুষজনকে বাড়ি না ফিরতেও অনুরোধ জানান মন্ত্রী। কারণ হিসেবে মন্ত্রী বলেন, এবার ঈদে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে না।
শনিবার সকালে গাজীপুর-ঢাকা পর্যন্ত তৃতীয় ও চতুর্থ রেললাইন প্রকল্পের উন্নীতকরণ কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন রেলমন্ত্রী।
নুরুল ইসলাম সুজন বলেন, গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন ট্রেন পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে ট্রেন চলাচল করে। জয়দেবপুর থেকে ঢাকা যাতায়াতের ক্ষেত্রে এ জংশনকে ডাবল লেনে এবং টঙ্গী থেকে ঢাকা পর্যন্ত চার লেনে উন্নীত করা হচ্ছে। এখান থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন যাচ্ছে। বঙ্গবন্ধু সেতুতে দ্বিতীয় রেল সেতু নির্মাণ করা হচ্ছে। এরপর ময়মনসিংহ থেকে জামালপুর পর্যন্ত রেললাইনটিও ডাবল লাইন হবে। সেখানেও মিটার গেজের পাশাপাশি ব্রডগেজ রেললাইন চালু করা হবে।
এসময় রেলকে ডিসিপ্লেনের মধ্যে আনার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতে গাজীপুরের জন্য আলাদা ট্রেনের ব্যবস্থা করা হবে। জয়দেবপুর জংশন হলেও তা পুরোপুরি জংশনের সুবিধা পাচ্ছে না। দ্রুত এটি পূর্ণ জংশনের মর্যাদা পাবে। গাজীপুর একটি শিল্প নগরী। এখান থেকে প্রতিদিন হাজার হাজার লোক ঢাকায় গিয়ে চাকরি ও ব্যবসা-বাণিজ্য করেন। প্রতিদিন যেন ঢাকা-গাজীপুর লাইনে ৭-৮টি ট্রেন চলাচল করতে পারে সে পরিকল্পনা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।
বার্তা বাজার / ডি.এস