মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের পরিবর্তে নার্স দিয়ে সিজারিয়ান অপারেশন করানোতে প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। এর অভিযোগে ক্লিনিকের ম্যানেজার ও ৩ নার্সক গ্রেফতার করেছে পুলিশ।
মৃত প্রসূতির নাম খাদিজা বেগম (৩০)। তিনি উপজেলার পুরান বাউশিয়া গ্রামের ইউসুফ আলীর স্ত্রী।
নিহতের পরিবারের লোকজন জানান, শনিবার (১৮ জুলাই) দুপুরে প্রসব ব্যাথা উঠলে খাদিজা বেগমকে জরুরি ভিত্তিতে ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন মিয়াজী টি এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকাল ৪টার দিকে ডা. তোফাজ্জল হোসেন রিজভী ও ডা. শারমিন সুলতানা তার অপারেশন করবে বলে কথা ছিল। তারা না আসায় অপারেশন করেন নার্সরা।
কিন্তু অপারেশন করার সময় মৃত্যু হয় খাদিজা বেগমের। এরপর ক্লিনিকে কর্মরতরা মৃত রোগী রেখে পালিয়ে যেতে চাইলে তাদের আটক করে স্থানীয় লোকজন। চেষ্টা চালানো হয় ক্লিনিক ভাঙচুরেরও। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আটক করা হয় ৪ জনকে।
স্থানীয়রা জানায়, এর আগেও বেশ কয়েকবার এই হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় রোগী মারা গেছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের ম্যানেজার ও তিন নার্সকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
বার্তাবাজার/এসজে