কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল বিএনপি সরকার: তথ্যমন্ত্রী

কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়ে বিএনপি জনগণের বিপক্ষে দাঁড়িয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় আসার পর পর মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক চালু করেছিলেন বলেও তিনি জানান।

আজ (শনিবার) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া শিল্পকলা একাডেমিতে ইউজিডিপি প্রকল্পের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সরঞ্জামাদি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ এবং ২৫ হাজার গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি কখনই জনগনের জন্য ভাবতে পারেনি। তার উৎকৃষ্ট উদারহণ হচ্ছে তারা শুধুমাত্র দলকানা হতে গিয়ে জনগণেরও বিপক্ষে দাঁড়িয়েছিল বন্ধ করে দিয়েছিল জনগনের জন্যই স্থাপিত কমিউনিটি ক্লিনিকগুলো। শেখ হাসিনা ক্ষমতায় এসে আবার সেগুলো চালু করেছেন। প্রতিটা কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে পাওয়া যাচ্ছে ৩০ প্রকার ওষুধ।

রাঙ্গুনিয়ার ইউএনও মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেহানুল ইসলাম, উপজেলা প্রকৌশলী দিদারুল আলম প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর