মহামারি করোনাকালে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মানার কথা বলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. রফিকুল ইসলাম লাঞ্ছনার শিকার হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে রাজাধানীর কলাবাগানের ভূতের গলিতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন রফিকুল ইসলাম।
ডায়েরীতে তিনি জানান, কলাবাগান থানার নর্থ রোডের ৪০ নম্বর বাসার বাড়ির জমি মালিক শিরিন আক্তার মালা ও তার স্বামী আকাশসহ তাদের সহযোগিদের হাতে লাঞ্চিত হন।
এ বিষয়ে তিনি জানান, অভিযুক্ত শিরিন আক্তার মালা ও তার ভাই মো. আশিকুর রহমান সুজন দীর্ঘদিন ধরে ই-কমার্স ব্যবসা পরিচালনা করে আসছেন। আবাসিক এই ভবনে এমন ব্যবসা করায় প্রতিদিনই স্বাস্থ্য বিধি না মেনে ৩০-৪০ জন অনলাইন মার্কেটিং কর্মী যাতায়াত করে। এজন্য ৮/৯ দিন আগে রফিকুল ইসলাম এর প্রতিবাদ করে ফ্ল্যাটের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন।
এরই জের ধরে গত শুক্রবার দুপুরে ফ্ল্যাটের নিচতলায় রফিকুল ইসলামকে পেয়ে গালাগালি করেন শিরিন আক্তার মালা। এক পর্যায়ে শিরিন আক্তার মালা, তার স্বামী আকাশ ও ছোট ছেলে বিজয়সহ কয়েকজন মিলে লাঠিসোটা নিয়ে তার উপর হামলা করেন। হুমকি ও ভয়ভীতিও দেখানো হয় তখন।
ডায়েরীর বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এসজে