যে ১৬ ল্যাবে পরীক্ষা করিয়ে বিদেশ যাওয়া যাবে

সরকারি নির্দেশনা মতে আগামী ২৩ জুলাই থেকে বিদেশ যাওয়ার জন্য করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে। এক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে নির্ধারণ করে দেয়া হয়েছে ১৬টি পিসিআর ল্যাব। শুধু নির্ধারিত ল্যাবগুলো থেকে টেস্ট করেই বিদেশ যাওয়া যাবে। আজ (শনিবার) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেবল কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেটধারীরা বিদেশ গমন করতে পারবেন। কোভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা নেয়া হবে। নমুনা দেয়ার পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা দেয়ার ক্ষেত্রে ৩৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০ টাকা ফি দিতে হবে।

নির্ধারিত ল্যাবগুলো হল- বরিশালের শেরে-বাংলা মেডিক্যাল কলেজ, চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকেল অ্যান্ড ইনফেক্টিয়াস ডায়াসিস, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ, কক্সবাজার মেডিক্যাল কলেজ, কুমিল্লা মেডিক্যাল কলেজ, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ, রাজশাহী মেডিক্যাল কলেজ, এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ দিনাজপুর, রংপুর মেডিক্যাল কলেজ, ইনস্টিটিউট অব পাবলিক হেলথ ঢাকা, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন ঢাকা, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, খুলনা মেডিক্যাল কলেজ ও কুষ্টিয়া মেডিক্যাল কলেজ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর