এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) দিনাজপুরে অভিযান চালিয়ে আল্লাহর দলের ২ সদস্যকে আটক করেছে। শনিবার ভোররাতে দিনাজপুর শহরের পুলহাট কসবা এলাকায় অভিযান চালিয়ে জনৈক আব্দুর রহমানের ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আল্লাহর দলের ২ সদস্য হলেন দিনাজপুর সদর উপজেলার করিমুল্লাহপুর মোল্লাপাড়ার মোকছেদ আলীর ছেলে ইজিবাইক চালক মো. আলী আকাশ (৩৬) ও কসবা এলাকার মৃত কেফাতুল্লাহ মিয়ার ছেলে মুদি দোকানদার মো. শাহাবুল ইসলাম ওরফে সাজু (৪০)। আটক আকাশ আল্লাহর দলের গাজীপুর ও নরসিংদী জেলার বিভাগীয় নায়ক ও সাজু আল্লাহর দলের সদস্য। এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আখিউল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।
আজ শনিবার (১৮ জুলাই) বেলায় ১১টায় দিনাজপুর কোতয়ালী থানায় সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের পুলহাট কসবা এলাকার জনৈক আব্দুর রহমানের ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
আটকের সময় তাদের কাছ থেকে জিহাদী বই, সাংগঠনিক বই, চাঁদা আদায়ের বইসহ ১৬ প্রকারের বই উদ্ধার করা হয়েছে। আটক আকাশের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় একটি নাশকতা মামলা রয়েছে। সেই মামলার পলাতক আসামী সে।
২০০২ সালে আকাশ ও ২০০৩ সালে আল্লাহর দলের প্রধান মতিন মেহেদির হাত ধরে তারা এই দলে প্রবেশ করে। বর্তমানে আল্লাহর দলের প্রধান মতিন মেহেদি নাশকতা মামলায় ঢাকায় আটক রয়েছে। তারা দলকে আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন ছদ্দবেশে কাজ করে যাচ্ছে।
এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর পুলিশ পরিদর্শক মো. ইসরাফীল হোসেন ভূঁইয়া তাদেরকে দিনাজপুর কোতয়ালী থানায় সোপর্দ করে ১টি মামলা দায়ের করেছেন।
কেএস/বার্তাবাজার