করোনায় থমকে আছে বিশ্ব। মরণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪১ লক্ষ ছাড়িয়েছে। কিছুটা স্বাভাবিক হলেও দ্বিতীয় দফায় আক্রান্তের সংখ্যা বাড়ছে অনেক দেশেই। এশিয়ার দেশ জাপানে শুধু বাড়ছেই না, রেকর্ডসংখ্যক রোগী শনাক্ত হয়েছে গত দুই দিনে।
রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানিয়ে বলছে, গত বৃহস্পতিবার যে ছয় শতাধিক শনাক্ত হন এর মধ্যে ২৮৬টি হচ্ছে রাজধানী টোকিওতে। শুক্রবার টোকিওরও নতুন সেই রেকর্ড ভেঙে যায়। নতুন করে এ দিনে সেখানে শনাক্ত হয় ২৯৩ জন করোনা রোগী। করোনা সংক্রমণের নতুন এই ঢেউ নিয়ে বিপাকে পড়েছে জাপান।
গত প্রায় দুই সপ্তাহ সময় ধরে জাপানের রাজধানী টোকিওসহ দেশটির বিভিন্ন স্থানে ভাইরাসটির সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। প্রায় প্রতিদিনই আক্রান্তে আগের রেকর্ড ভেঙ্গে যাচ্ছে। শুক্রবার দেশটিতে নতুন করে ৬২৩ জন রোগী শনাক্ত হয়। গত ১০ এপ্রিলের পর দেশটিতে একদিন এত মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়নি।
তবে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হওয়ার এমন সময়ে দ্বিতীয় দফায় ভাইরাসটির সংক্রমণের লাগাম টানতে তেমন কোনো পদক্ষেপ নিতে দ্বিধান্বিত হয়ে পড়েছেন জাপানের নীতিনির্ধারকেরা। এর মূল কারণ হচ্ছে, জনস্বাস্থ্য আর অর্থনীতির মধ্যে মোটা দাগের কোন বিভাজন টেনে দেওয়া যায়, তা নিয়ে সরকারি মহলের সিদ্ধান্তহীনতা।
দ্বিতীয় দফায় আক্রান্তের রেকর্ড হলেও আশার বাণী হচ্ছে নতুন করে গত একদিনে এশিয়ার দেশটিতে মারা যায়নি কোন করোনা রোগী। আর এমন টা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। জাপানে এখন পর্যন্ত ২৪ হাজারের বেশি মানুষের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৯৯৮ জন মারা গেছে; সুস্থ প্রায় ১৯ হাজার।
কেএস/বার্তাবাজার