দামি ফোনের অর্ডার করে মিলছে খেলনা ফোন, ২ প্রতারক আটক

অনলাইনে দামি মোবাইলের অর্ডার করলে খেলনা বা ডামি মোবাইল দিয়ে প্রতারণার অপরাধে দু’জনকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর ইস্টার্ন প্লাজায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

আটককৃতরা হলেন- মনিরুজ্জামান (৪২) ও জান্নাতুল ফেরদৌস (২৫)। তবে সেল বিডি.কম ও বিডি এক্সপ্রেস.কম এর মালিক অনলাইনে প্রতারণার মূল হোতা আশিক বিল্লা অভিযানের আগেই পালিয়ে যান বলে জানিয়েছে র‌্যাব।

র‍্যাব জানায়, একটি প্রতারক চক্র অনলাইনে দামি মোবাইলের লোভনীয় বিজ্ঞাপন দিতো। তাদের লোভনীয় বিজ্ঞাপন দেখে ক্রেতারা অর্ডার করে টাকা পাঠালে কুরিয়ার সার্ভিসে পাঠানো হতো মোবাইল ফোন। ভুক্তভোগীরা ফোনের প্যাকেট খুলে দেখতেন ডামি বা খেলনা মোবাইল। এরকম বেশ কিছু অভিযোগের ভিত্তিতে শুক্রবার ইস্টার্ন প্লাজার সপ্তম তলায় অভিযান চালানো হয়। পরে ইস্টার্ন প্লাজার পেছনের রোডে একটি বাড়িতে অভিযান চলে।

অভিযান পরিচালনা করে র‌্যাব ৩৩৩টি ডামি মোবাইল, ৬৫০টি মোবাইল কাভার, তিনটি মনিটর, তিনটি সিপিইউ, মোবাইল চার্জার ১৭০টি, সিম কার্ড ৬৫টি, একটি ল্যাপটপ ও নগদ এক লাখ ২০ হাজার টাকা জব্দ করে।

র‍্যাব-২ এর কর্মকর্তা সাইফুল মালিক গণমাধ্যমকে জানান, আমাদের কাছে ভুক্তভোগীরা অভিযোগ করলে আমরা নিজেরাও ফোনের অর্ডার করি। আমাদেরও খেলনা বা ডামি মোবাইল পাঠানো হয়। এরপর থেকে চক্রটিকে গোয়েন্দা নজরদারিতে রাখি। কিন্তু তারা যে ঠিকানা ব্যবহার করেছে, সে ঠিকানাও ভুয়া। এরপর আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অফিস ও বাসার ঠিকানা বের করে অভিযান পরিচালনা করি। সেখান থেকে দু’জনকে আটক করি।

অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাব কর্মকর্তা সাইফুল মালিক। এছাড়াও প্রতারক চক্রের মূল হোতা আশিক বিল্লাহকে ধরার জন্য অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর