জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করেছেন বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। এসময় জাতীয় পার্টির নয় বছরের শাসন আমলকে দেশের ইতিহাসের সোনালী অধ্যায় বলেও মন্তব্য করেন তিনি।
জিএম কাদের বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার নেতৃত্ব দিলেও স্বল্প-দিনের শাসনকালে তিনি ভঙ্গুর দেশের জন্য তেমন উল্লেখযোগ্য উন্নয়ন করতে পারেননি। পরবর্তীতে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করেছেন হুসাইন মুহাম্মদ এরশাদ।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টি আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় জি এম কাদের এরশাদের শাষনামলের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, এরশাদের আমলেই বাংলাকে আইন করে দাপ্তরিক ভাষা করা হয়েছে, সরকারি কর্মচারীদের ঈদ বোনাস, পবিত্র জুম্মার দিনে সরকারি ছুটি, শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা হয়েছে। এছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠায় জেলা ও উপজেলা পরিষদ গঠন, স্বাস্থ্যবিধি প্রনয়ণসহ শহিদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধ পূর্ণ প্রতিষ্ঠা করেছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। তাই এরশাদের বসবাস সাধারণ খেটে খাওয়া মানুষের অন্তরে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মীর আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।
বিশেষ অতিথির বক্তব্যে মশিউর রহমান রাঙ্গা বলেন, বর্তমান সরকারের মন্ত্রীসভার সকল সদস্যরা অথর্ব আর লুটপাটে ব্যস্ত। তিনি বলেন, স্বাস্থ্য খাতকে দুর্নীতির মাধ্যমে ভঙ্গুর করে দিয়েছেন বর্তমান স্বাস্থ্যমন্ত্রী। পাটকল বন্ধের মাধ্যমে পাটমন্ত্রী গ্রহণ যোগ্যতা হারিয়েছেন।
বার্তা বাজার / ডি.এস