মিলাদের মিষ্টি নিয়ে সংঘর্ষে ১ নারী নিহত

গাজীপুরের পূবাইলে মিলাদের মিষ্টি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নাজমা বেগম (৫৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে পূবাইলের মারুকা এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত নাজমা বেগম একই এলাকার মৃত সুরুজ আলীর স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, মারুকা এলাকার নাজমা বেগমের সাথে সাইফুল ইসলাম ও নুরু মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন নাজমা বেগমের বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে মিষ্টি খাওয়া নিয়ে সাইফুল ও নুরুর লোকজন আপত্তিকর মন্তব্য করে। এতে দুই পক্ষের মাঝে বাকবিতণ্ডার একপর্যায়ে নুরু ও সাইফুলের লোকজন লাঠিসোটা নিয়ে হামলা করে নাজমা বেগমের লোকজনের উপর।

হামলায় নাজমা বেগমসহ বেশ কয়েকজন আহত হলে সবাইকে নিয়ে ভর্তি যাওয়া হয় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজমার স্বজনদের দাবি, পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন মিলাদ মাহফিলে নাজমাকে পিটিয়ে হত্যা করেছে।

পূবাইল থানার ওসি নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। নাজমা বেগমের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর