রাজবাড়ির গোয়ালন্দে মহাসড়কের পাশের একটি ডোবা থেকে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সুন্নত মোল্লা (৪৫)। তিনি উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
শুক্রবার দুপুরের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বেপারীপাড়া ডাইভেশন এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের মতে, দুপুরের দিকে পরিত্যক্ত একটি ডোবায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় তারা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করলে ঘটনাস্থলে গিয়ে নিহতের স্বজনরা লাশ শনাক্ত করে।
নিহতের ভাইয়ের ছেল মোস্তাফা জানান, তারা চাচা কৃষি জমিতে দিনমজুরের কাজের পাশাপাশি রিকশা চালাতেন। সম্প্রতি ব্যাটারি চালিত একটি তিন চাকার রিকশা কিনেন তিনি। সেটা নিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১১ টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর রাত পেরিয়ে সকাল হলেও তিনি না ফিরলে দুপুরের দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের সময় দেখা যায় তার শরীরে বিভিন্ন স্থানে কোপানো হয়েছে এবং গলায় গামছা প্যাঁচিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুইটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
বার্তাবাজার/এসজে