স্বাস্থ্য অধিদফতরের সতর্ক হওয়া উচিত ছিল: তথ্যমন্ত্রী

জেকেজি ও রিজেন্ট কাণ্ডে স্বাস্থ্য অধিদফতরের আরও সতর্ক হওয়া উচিৎ ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন ‘কোনো পত্রিকার রিপোর্ট দেখে বা বিরোধী দল বলেছে এ রকম অনিয়ম হচ্ছে সেকারণে এটি উদঘাটন হয়নি। এখানে যাতে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি না থাকে সেজন্য সরকারই উদঘাটন করেছে। অবশ্য আমি ব্যক্তিগতভাবে মনে করি স্বাস্থ্য অধিদফতরের এ ব্যাপারে আরেকটু সতর্ক হওয়ার প্রয়োজন ছিল।’

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে এস আলম গ্রুপের উদ্যোগে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০০টি হাই ফ্লো নেজাল ক্যানোলা প্রদান করা হয়। এসময় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সরকার করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন ‘অনেকেই সমালোচনা করেন ঘরে বসে টেলিভিশনে উঁকি দিয়ে, তারা ঘর থেকেও বের হয় না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবার সম্মিলিত প্রচেষ্টায় মহামারি দুর্যোগ মোকাবিলা করার জন্য আহ্বান জানিয়েছিলেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই সরকার করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। সেই আহ্বানে যারা সাড়া দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রীর বয়স ৭৪ বছর। একটি দিন তিনি বসে নেই। প্রতিদিন আপনারা দেখতে পাচ্ছেন, তিনি সরকারি কর্মকর্তাদের নিয়ে মিটিং করছেন- নানা নির্দেশনা দিচ্ছেন।’

আইসিইউ বেড খালি থাকে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনার প্রাথমিক পর্যায়ের চিকিৎসা স্বল্পতা কাটিয়ে উঠতে পেরেছে। এখন আইসিইউ বেড ও হাসপাতালে জেনারেল বেড খালি থাকে। অক্সিজেনসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতা দূর হয়েছে। করোনার চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী হয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ। এসময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার, চট্টগ্রামের বিএমএ সভাপতি ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী, এস আলম গ্রুপের প্রতিনিধি আকিজ উদ্দিন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর