লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় নদীর বালুচরে পুঁতে রাখা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় মৃতদেহের পরনে ছিলো গেঞ্জি ও প্যান্ট।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার ফকিরপাড়া রমনীগঞ্জ এলাকার সানিয়াজান ব্রীজের কাছে মাটির নিচে পুঁতে রাখা লাশটি কুকুর খুঁড়লে প্রথমে পা দুটো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
প্রাথমিক তথ্য অনুযায়ী উদ্ধার হওয়া লাশটি বড়খাতা দোয়ানী মোড় এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে একরামুল হকের (৩৫) বলে জানা যায়।
মৃত একরামুল হকের ছোটভাই আক্তার হোসেন প্রাথমিকভাবে লাশ শনাক্ত করে বলেন, গত শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি একরামুল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বার্তা বাজারকে জানান, ঘটনার তদন্ত করে যারা এই হত্যার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
বার্তা বাজার / ডি.এস