চলমান জাতীয় ইস্যুগুলোর মাঝে যেন চাপা পরে হারিয়েই যাচ্ছিলেন বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে ১৩ ঘন্টা পর উদ্ধার হওয়া সুমন বেপারী। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বর্তমানে তিনি গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির আব্দুল্লাহপুরে অবস্থান করছেন।
তার পরিবার জানায়, সুমনকে চিকিৎসকরা এক মাসের বিশ্রাম দিয়েছে। তিনি খুব দ্রুতই সদরঘাটে আবারও ফলের ব্যবসা শুরু করতে চান। তবে তিনি গণমাধ্যমকর্মীদের সাথে মোবাইল ফোনে কথা বলতে রাজি হননি।
আজ (শুক্রবার) সুমন বেপারীর ছোট ভাই শাহীন বেপারী জানান, সুমন এখনও মানসিকভাবে কিছুটা অসুস্থ। কারও সঙ্গে ভালোভাবে কথা বলতে পারে না। আগের মতো চঞ্চলতা নেই তার মাঝে। বেশিরভার সময়ে চুপচাপ থাকে সে।
তিনি আরও জানান, সুমন বেপারীর শারীরিক অবস্থা নিয়ে অনেকটা উদ্বিগ্ন ভাই শাহীন বেপারী। তিনি বলেন, বর্তমানে তার শরীরের নানা স্থানে চামড়ায় ক্ষত দেখা দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে চামড়া শুকিয়ে উঠে উঠে যাচ্ছে। এছাড়া তার কানেও সমস্যা হয়েছে। আগের মতো শুনতে পায় না। মাথার মধ্যে বিভিন্ন সময়ে যন্ত্রণা করে। শরীর দুর্বল থাকে।
উল্লেখ্য, গত ২৯ জুন লঞ্চডুবির প্রায় ১৩ ঘণ্টা পর রাত ১০টার দিকে সুমন বেপারীকে জীবিত উদ্ধার করা হয়। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে পরদিন ৩০ জুন রাতে সুমকে নেয়া হয় মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে।
বার্তাবাজার/এসজে