নাটোরের লালপুরে স্বামীর পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্মৃতি আক্তার (২১) নামের এক নারীকে হত্যা করে পুকুরে ফেলে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ (শুক্রবার) উপজেলার মোহরকয়া গ্রামের একটি পুকুর থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়। নিহত স্মৃতি আক্তার একই গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী।
এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুরের দিকে মোহরকয়া গ্রামের পশ্চিমপাড়ার মৃত এলাহী বক্সের পুকুরে মৃতদেহটি দেখা যায়। পরে সেটি স্মৃতি আক্তারের বলে জানা যায়।
স্থানীয় লোকজন জানান, একই গ্রামের তসলু মিয়ার মেয়ে স্মৃতি আক্তারের সাথে পারিবারিকভাব বিয়ে হয় ইংরেজ আলীর ছেলে আব্দুল জাব্বারে (৩০)। তাদের ঘরে একটি কন্যা শিশুও রয়েছে। সম্প্রতি আব্দুল জব্বার পরকীয়ায় জড়ালে তাদের সংসারে কলহ লেগেই ছিল। ঝগড়ার জের ধরেই বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতের কোনো এক সময় স্মৃতিকে পিটিয়ে হত্যা করে পুকুরে ফেলে দেন জব্বার। দুপুরে মরদেহ ভেসে উঠলে বিষয়টি জানাজানি হয়।
লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা করা হয়নি। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এসজে