চাঁদপুরের ফরিদগঞ্জে ইউটিউবে দেখা নাটকের দৃশ্যের মত গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যার অভিনয় করতে গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আঁখি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ফরিদগঞ্জ পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের তপাদার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আঁখির স্বজনরা জানান, সে ইউটিউবে ‘বিমু শোভা’ নামের নাটকে ফাঁস দিয়ে আত্মহত্যার একটি দৃশ্য দেখে। নাটকের অনুকরণে ফাঁস দিয়ে আত্মহত্যার অভিনয় করতে গিয়ে তার মৃত্যু হয়।
আঁখির দাদী নুরজাহান বেগম বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেলে আঁখির মা জান্নাত বেগম ঘরের দরজা বন্ধ দেখতে পান। তিনি জানালা দিয়ে উঁকি দিয়ে আঁখিকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আঁখিকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আঁখিকে মৃত ঘোষণা করেন
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব বলেন, নিহত আঁখি একটি সিরিয়ালের উপর আসক্ত ছিল। এ আসক্তি থেকেই সে আত্মহত্যার ট্রায়াল দিতে গিয়ে গলায় ফাঁস লেগে মারা যায়। ঘটনার খবর পেয়ে আমরা তার মরদেহ উদ্ধার করেছি।
বার্তাবাজার/এসজে