চট্টগ্রাম নগরের প্রবর্তক পাহাড়ের পাদদেশে স্থাপিত সঙ্গীত ভবনে হামলা ও ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় টিনশেডের ভবনটির সামনের বেড়া ভেঙ্গে ভেতরেও তাণ্ডব চালানো হয়।
আজ শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে এ হামলা চালায় দুর্বৃত্তরা।
এসময় হারমোনিয়াম-তবলাসহ আসবাবপত্র ভাংচুর ও তছনছ করা হয়। উপড়ে ফেলা হয় ভবনের সামনের গাছপালা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৪০-৫০ জনের একটি দল দা-খুন্তি নিয়ে ভাংচুর চালায়। এসময় তাদের নিবৃত্ত করতে কেউ এগিয়ে আসেনি।
সঙ্গীত ভবন প্রতিষ্ঠাতা প্রিয়দারঞ্জন সেনগুপ্ত এর ছেলে বিভাষ সেনগুপ্ত বলেন, ‘৫৪ বছরের পুরনো এই প্রতিষ্ঠানটা ভেঙ্গেচুরে তছনছ করে দিয়েছে ওরা। নিয়ে গেছে হারমোনিয়াম, তবলা আর তানপুরা। ওরা এখানে সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান চায় না, জায়গা বিক্রি করে টাকা আয় করতে চায়।’
জানা গেছে, ১৯৬৬ সালে প্রখ্যাত সঙ্গীতজ্ঞ প্রিয়দারঞ্জন সেনগুপ্ত ও বনবীথি সেনগুপ্তার হাত ধরে প্রতিষ্ঠিত হয় সঙ্গীত ভবন। প্রতিষ্ঠানটি শাস্ত্রীয়সহ সংগীতের নানান ক্ষেত্রে তৈরি করেছে অসংখ্য গুণী শিল্পী।
বার্তাবাজার/কে.জে.পি