প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানিয়েছেন, পোশাক খাতের শ্রমিকদের জন্য ত্রিশ হাজার কোটি টাকার যে প্রণোদনা রয়েছে, তা থেকে আরো ৩ মাস মজুরির জন্য অর্থ নেওয়া যাবে।
এ জন্য তিনি বাংলাদেশ ব্যাংককে একটি প্রজ্ঞাপন জারি করতে পরামর্শ দেবেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ২০২০-২১ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষাণা উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তৈরি পোশাক খাতের শ্রমিকদের আরো ৩ মাসের বেতনের জন্য ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা থেকে নেওয়া যেতে পারে। এ জন্য বাংলাদেশ ব্যাংককে একটি সার্কুলার দেওয়ার জন্য আহ্বান জানানো হবে।
তিনি আরও বলেন, এরই মধ্যে প্রণোদনা তহবিল থেকে ৮ হাজার কোটি টাকা ছাড় হয়েছে। এ ছাড়া ইনস্যুরেন্স ক্রেডিট স্কিম হলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও দ্রুত ঋণ পাবেন। এ জন্য ৫ হাজার কোটি টাকার একটি প্রণোদনা তহবিল করার চেষ্টা করা হচ্ছে।
বার্তাবাজার/কে.জে.পি