বার্তা বাজারে সংবাদ প্রকাশ, অবশেষে প্রতিবন্ধী ভাতা পেল কিশোরী সুইটি

বাক প্রতিবন্ধী কিশোরী সুইটি। জন্মেছে ২০০৫ সালের নভেম্বর মাসে। সেই হিসেবে বর্তমান বয়স তার ১৫ বছর। কিন্তু পরিবারের সদস্য ৬ বছর বয়সে বুঝতে পারলেন, সুইটি অন্যসব মেয়েদের মতো স্বাভাবিক নয়। এরপর পরিবারের সদস্যরা নিয়ম অনুযায়ী সুইটির জন্য করে নিলেন প্রতিবন্ধীর স্বীকৃতি। তবে স্বীকৃতি পেলেও দীর্ঘ ৯ বছর ধরে সুইটির কপালে জোটেনি প্রতিবন্ধী হিসেবে কোন ধরনের সুযোগ সুবিধা। দিনমজুর সুইটির ভাই মোঃ জনি (২৪) স্থানীয় ইউপি সদস্যদের দ্বারে দ্বারে ঘুরেও নিজ বোনের জন্য করতে পারেনি একটি প্রতিবন্ধী কার্ড।

এনিয়ে চলতি বছরের ৯ জানুয়ারি ‘৯ বছর প্রতিবন্ধী সুবিধা থেকে বঞ্চিত কিশোরী সুইটি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে বার্তা বাজার। অবশেষে বার্তা বাজারে সংবাদ প্রকাশের পর সরকারি ভাবে ভাতা পেলো এই প্রতিবন্ধী কিশোরী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৩ টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধী কিশোরীর হাতে ভাতা বই প্রদান করেন উপজেলা সমাজ সেবা অফিসার এস এম হাবিবুর রহমান ।

প্রতিবন্ধী কিশোরী সুইটি(১৫) কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন পরিষদের ভেরভেরী গ্রামের সরকার পাড়ার ৫ নং ওর্য়াডের বাসিন্দা জোবেদা বেওয়ারের মেয়ে। ৩ মেয়ে ও ১ ছেলের মধ্যে সুইটি সবার ছোট। সুইটির ২ বোনের বিয়ে হয়েছে, বর্তমানে সে মা ও দিনমজুর ভাইয়ের সাথে বসবাস করছে

সুইটির ভাই মোঃ জনি (২৪) বার্তা বাজারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘৯ বছর থেকে অনেক ঘুরছি, মেম্বাররা অনেক টাকা নিছে কিন্তু কাজ করি দেয় নাই। আপনার পত্রিকায় (বার্তা বাজার) খবরটা প্রচার হবার পর আইজকে কার্ড পাইলং বোনের জন্যে।’

এ প্রসঙ্গে উপজেলা সমাজ সেবা অফিসার. এস এম হাবিবুর রহমান বার্তা বাজারকে বলেন, ‘জানুয়ারী মাসে বার্তা বাজারে প্রকাশিত নিউজটি আমাদের নজরে আসে, এজন্য আমরা আজ প্রতিবন্ধী সুইটিকে ভাতা প্রদান করতে পেরেছি। বিষয়টি তুলে ধরবার জন্য বার্তা বাজারকে ধন্যবাদ।’

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর