সিঙ্গাইরে আঞ্চলিক মহাসড়কের ঘোনাপাড়া স্ট্যান্ডের ঢাল থেকে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। মৃত ওই ব্যক্তি রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে সুলতান হোসেন সেন্টু(৪৫)। তিনি ঢাকার তেজগাঁও থানার নাখালপাড়া এলাকার বাসিন্দা এবং ঢাকার একটি গার্মেন্টসে ব্যবস্থাপক হিসেবে চাকরি করতেন। তার স্ত্রী ও একজন কন্যা সন্তান রয়েছে।
নিহতের পরিচিতসূত্রে মোঃ বিপ্লব গাজী বলেন, সুলতান হোসেন সেন্টু মঙ্গলবার(১৪ জুলাই) সকালে ঢাকার নাখালপাড়া বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। তার কোন সন্ধান না পেয়ে ওইদিন রাতে তেজগাঁও থানায় একটি সাধারণ ডাইরী করে তার পরিবার। শান্ত স্বভাবের এবং কারো সাথে খারাপ আচরণ করতেন না বলেও জানান তিনি।
বৃহস্পতিবার(১৬ জুলাই) সকাল ৬ টার দিকে সড়কের ঢালে জিন্স প্যান্ট ও লাল-কালো রঙের ফুল হাতা পরিহিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে পাঠান। পরে লাশের খবর পেয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে এসে লাশ শনাক্ত করেন এবং লাশ নিয়ে যান তার স্বজনরা।
এঘটনায় নিহতের পরিবার ঢাকার তেজগাঁও থানায় মামলা করতে চান। সেখানে মামলা না নিলে সিঙ্গাইর থানায় মামলা নথিভুক্ত করে হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও খুনিদের বিচারের মুখোমুখি করা হবে বলে থানার পরিদর্শক(তদন্ত) মোঃ আবুল কালাম জানান।
বার্তা বাজার / ডি.এস