মানব ও অর্থ পাচারের দায়ে কুয়েতের কারাগারে থাকা লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ কাজী শহীদ ইসলাম পাপুলকে সংসদ সদস্য পদ থেকে অব্যহতি দেয়ার দাবি জানিয়ে ইসিতে চিঠি দিয়েছেন তারই আসনের এক বাসিন্দা।
সংসদ নির্বাচনের হলফনামায় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মিথ্যা তথ্য দেয়ায় নির্বাচন কমিশনে এ চিঠি দিয়েছেন আবুল ফয়েজ ভূইয়া নামের ওই ব্যক্তি। নির্বাচন কমিশনও এই চিঠি পাওয়ার কথা গণমাধ্যমের কাছে স্বীকার করেছে।
পরিচয় গোপন রাখার শর্তে নির্বাচন কমিশনের এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানান, লক্ষ্মীপুর-২ আসনের সাংসদের তথ্য জানিয়ে পাওয়া চিঠি বিষয়ে আগামী বৈঠকে আলোচনা করা হবে।
এর আগে গত মঙ্গলবার (১৪ জুলাই) পাঠানো চিঠিতে আবুল ফয়েজ ভুইয়া জানান, গত ৬ মার্চ দেশের জাতীয় দৈনিকগুলোতে ‘এমপি পাপুলের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানা প্রশ্ন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সেখানে বলা হয়, শহিদ ইসলাম পাপুল নির্বাচনী হলফনামায় স্নাতকোত্তর পাশ উল্লেখ করেন কিন্তু সার্টিফিকেট প্রদান করেন স্নাতক ডিগ্রির।
তিনি আরও বলেন, শহিদ ইসলাম পাপুল যেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ডিগ্রিও অর্জন করেননি, সেখানে স্নাতক ডিগ্রির যে সার্টিফিকেট জমা দেয়া হয়েছে তা ভুয়া এবং বানানো। হলফনামায় মিথ্যা ও অসত্য তথ্য প্রদান করায় শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করে লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করার অনুরোধ জানাচ্ছি।
বার্তাবাজার/এসজে