ডাক্তারদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে সরকার : সোহেল

সরকার ডাক্তারদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। তিনি বলেন, এই সরকার ভুয়া মাস্ক ডাক্তারদেরকে সরবরাহ করে ডাক্তারদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, ডাক্তাররা মারা গে‌ছে। ত‌াদেরকে ভুয়া মাস্ক দি‌য়ে করোনায় আক্রান্ত করে হত‌্যা করা হ‌য়ে‌ছে। করোনার ভুয়া সনদ দিয়ে জনগণকে রাস্তায় রাস্তায় ঘুরিয়েছে। জনগণ রাস্তায় পড়ে মারা গেছে। তারাতো মারা যায় নাই, তাদেরকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে করোনা সনদ বিক্রির অর্থ, মানবপাচার এবং মহাদুর্নীতির প্রকোপ বৃদ্ধির প্রতিবাদে একটি মানববন্ধনের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সেখানে তিনি এসব কথা বলেন।

সাহেদের সুষ্ঠু বিচার দাবি করে সোহেল বলেন, ‘সাহেদ, সাবরিনা, আরিফ এরা কি একাই মিঠা খেয়েছে? এই মিঠা অনেকেই খেয়েছে। আর কে কে খেয়েছে আমরা তাদের নাম জানতে চাই। আর বলতে চাই, এই সাহেদদের যেন বাংলাদেশের মাটিতে সুষ্ঠু বিচার হয়। আর যদি না হয় তাহলে উদ্ভূত পরিস্থিতির সব দ্বায়-দা‌য়িত্ব সরকার‌কে বহন কর‌তে হ‌বে।’

সরকারকে অবৈধ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আজ যদি বাংলাদেশে বৈধ সরকার থাকত তাহলে ভুটানের মতো ভিয়েতনামের মতো হয়তো আমরা সফল হতে পারতাম। দেশে জনগণের সরকার নয় বলেই জনগণের কোনো দায়-দায়িত্ব নেয় না; উল্টো লুটপাট করে যাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব মৃত্যুর পাহাড়ের ওপর দাঁড়িয়ে বলেন, আমরা করোনার চেয়েও শক্তিশালী। কিন্তু সাধারণ জনগণের কথা বাদ দিলাম, আপনার দলের নাসিম ও সাহারা খাতুনকে কেন আপনারা বাঁচাতে পারলেন না।’

হাবিব-উন-নবী খান সোহেল আরও বলেন, এদেশের জনগণকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে পালিয়েছেন অর্থমন্ত্রী লোটাস কামাল, হানিফ। আরও কতজন পালিয়েছে আমরা জানি না। তলে তলে আরও কতজন পালানোর পাঁয়তারা করছেন তা দেখার বিষয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর