সময় যতই বাড়ছে দেশে ততই খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি। মরণঘাতী এ ভাইরাস থেকে বাঁচতে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। আর এরই মাঝে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাজার হাজার মানুষকে জড়ো করে করোনা থেকে পরিত্রাণের জন্য দোয়া অনুষ্ঠান করলেন জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান, একাধিকবারের সাবেক মন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর সংক্রমণ থেকে পরিত্রাণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার বাসস্ট্যান্ড কলেমা চত্বরে এ আয়োজন করে জাতীয় পার্টি-জেপির ভান্ডারিয়া উপজেলা কমিটি।
দোয়া অনুষ্ঠানে জেপি’র বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী ও সমর্থক ছাড়াও উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু’র জামাতা ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি আজ প্রথমবারের মত ভান্ডারিয়ায় শ্বশুর বাড়িতে যান। এ উপলক্ষে তাকে বরণ করার জন্য ছিল বিশাল আয়োজন। সব কিছু মিলিয়ে পুরো আয়োজনে ছিলো না সামাজিক দূরত্ব মানার বিন্দুমাত্র কোন ব্যবস্থা।
করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকারি পর্যায় থেকে সর্বত্র সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে চলার নির্দেশনা থাকলেও, জেপি আয়োজিত দোয়া অনুষ্ঠানে নূন্যতম নিয়মও না মানায় এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। দোয়া অনুষ্ঠানের এ গণজমায়েত থেকে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন ভান্ডারিয়াবাসী।
পিরোজপুরে ৭টি উপজেলার মধ্যে ভান্ডারিয়া করোনভাইরাসে সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে। এ উপজেলায় এখন পর্যন্ত ৭৯ জন আক্রান্ত হয়েছে।
জেপি’র উপজেলার শাখার আহবায়ক মনিরুল হক জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের সাংসদ আনোয়ার হোসেন মঞ্জুর জামাতা মজিবুর রহমান নিক্সন চৌধূরী, সাবেক উপজেলা চেয়ারম্যান জেপি’র যুগ্ম আহবায়ক মাহিবুল হোসেন মাহিম, জেপি’র সদস্য সচিব আতিকুল ইসলাম উজ্জল প্রমূখ।
সরকারি নির্দেশনা উপেক্ষা করে কেন এমন ঝুঁকিপূর্ণ আয়োজন করা হলো তা জানতে স্থানীয় জাতীয় পার্টি-জেপির নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এখন দলীয় চেয়ারম্যানকে নিয়ে ব্যস্ত রয়েছেন বলে ফোন কেটে দেন।
সরকারি আদেশ পালন করে এমন জনসমাগম বন্ধে কেনো উদ্যোগ নেয়া হলো না, তা জানতে ভান্ডারিয়া থানার ওসিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যেগাযোগের চেষ্টা করা হলে তারাও আনোয়ার হোসেন মঞ্জুকে নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানান।