বরিশাল মহানগরীতে দুই জেলেকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসির বিরুদ্ধে। এই ঘটনায় ওই দুই জেলে বরিশালের পুলিশ কমিশনার ও উপ কমিশনারের (উত্তর) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ওই দুই জেলের নাম মো. মানিক ও মো. সোহেল। তারা কাউনিয়া টেক্সটাইল বিসিক রোড এলাকায় বসবাস করেন।
নির্যাতনের শিকার জেলেরা জানায়, গত বুধবার (১৫ জুলাই) রাতে কাউনিয়া এলাকায় তাদের নিজেদের লিজ নেয়া পুকুরে ধরার জন্য জাল ফেলে মানিক ও সোহেলসহ তাদের সহকর্মীরা। সেখানে কাউনিয়া থানার ওসি আজিমুল করিম এসে তাদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং মানিক ও সোহেলকে পেটাতে পেটাতে বিবস্ত্র করে ফেলে।
তখন পুলিশের সাথে থাকা অন্য সদস্যরা ওসিকে মারপিট না করার অনুরোধ করলেও তা না মেনে আরও বেশি মারপিট করে। এ ঘটনার কথা কাউকে জানালে ডাকাতি ও মাদক মামলা দিয়ে ধরিয়ে দেয়া হবে বলে তাদেরকে হুমকি দিয়ে যান ওসি।
পরে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীরা ওসি আজিমুল করিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
তবে এই অভিযোগ অস্বীকার করে কাউনিয়া থানার ওসি আজিমুল করিম জানান, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। তাদের মারধর নয় বরং ধমক দিয়ে বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে।
বার্তাবাজার/এসজে