তারেক জিয়া যে দেশে আছে সে দেশের সাথে বন্দিবিনিময় চুক্তি না থাকায় তাকে দেশে আনা যাচ্ছে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তাকে দেশে আনতে সংশ্লিষ্ট দেশের সাথে আলোচনা করা হচ্ছে বলেও তিনি জানান।
আজ (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবরণ দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, তারেক জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামী। এক মামলায় তার ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও আরেক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সে যদি সত্যিকারের রাজনীতিবিদ হতো তাহলে আদালতের কাছে আত্মসমর্পণ করতো। সত্যিকারের রাজনীতিবিদ আইন-আদালতকে ভয় পেতে পারে না।
তিনি আরও বলেন, তারেক জিয়া কখনও সত্যিকারের রাজনীতিবিদ হতে পারেননি। তাই রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে দেশ থেকে চলে গিয়েছিল। এখন ঠিকই রাজনৈতিক বক্তব্য চালিয়ে যাচ্ছে।
বার্তাবাজার/এসজে