মাদক নির্মূল করতে হবিগঞ্জের চুনারুঘাট থানার কর্মকর্তাসহ ৭৬ পুলিশ সদস্য কোরআন ও যার যার পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে শপথ গ্রহণ করেছেন। তাদের লক্ষ্য আগামী ৩০ সেপ্টেম্বরের মাঝে সমগ্র উপজেলাকে মাদকমুক্ত হিসাবে গড়ে তোলা। শপথে তারা কোনো মাদক ব্যাবসায়ীকে ছাড় দিবেনা এবং মাদকের বিরুদ্ধে এই যুদ্ধে তারা কারো সাথে আপোষ করবেনা বলে উল্লেখ্য করেন।
বুধবার (১৫ জুলাই) রাত ৯টায় থানা প্রাঙ্গণে তাদেরকে এই শপথ পাঠ করান মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন।
প্রধামন্ত্রীর লক্ষ্য আসন্ন বিজয় দিবসে দেশকে মাদকমুক্ত হিসাবে ঘোষণা করা। তারই লক্ষ্যে পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদ চুনারুঘাট থানা পুলিশকে এই নির্দেশনা দেন। তারা সমগ্র উপজেলায় সাঁড়াশি অভিযান চালানোর পাশাপাশি চিহ্নিত মাদক স্পটগুলোতে কড়া নজরদারী চালাবেন। একইসাথে মাদক বিরোধী নানান প্রচারণায় অংশ নিবেন।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি শেখ নাজুমুল হক জানান, কোনো পুলিশ সদস্যই যাতে মাদক নির্মূলে আপোষ কিংবা দায়িত্ব পালনে অবহেলা না করতে পারে তার জন্যই আমাদের এই শপথ গ্রহণ। আমরা মাদক নির্মূল নিশ্চিত করেই থামবো। ইতোমধ্যেই আমাদের কার্যক্রম শুরু হয়েছে।
বার্তাবাজার/এসজে